বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি হস্তান্তরের আহ্বান
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি হস্তান্তরের আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি এবং ইটিবিএল সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান রাহমান।
সোমবার (৯ মে) সন্ধ্যায় রাজধানীর হোটেলে ইন্টারকন্টিনেন্টালে এফবিসিসিআই ও ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত ইউএস-বাংলাদেশ বিজনেস সামিটের উন্মুক্ত আলোচনায় এই আহ্বান জানান তিনি।
এসম রিজওয়ান বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশে একটি আদর্শ দেশ। বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিতে পারেন মার্কিন উদ্যোক্তারা। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশে তাদের প্রযুক্তি হস্তান্তর করে তাহলে এই তারুণ্য শক্তিকে তারা প্রবৃদ্ধিতে কাজে লাগাতে সক্ষম হবে।
সম্মেলনে ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা-চট্টগ্রাম হাই স্পিড ট্রেন, সমুদ্র অর্থনীতি, হাইটেক পার্ক, দেশজুড়ে ১০০টি অর্থনৈতিক অঞ্চলের কারণে বাংলাদেশকে পরবর্তী বিনিয়োগ গন্তব্য হিসেবে বেছে নেওয়ার জন্য আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।
ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদলের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের সুবর্ণ সময় চলছে। এ সুযোগকে কাজে লাগাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান মন্ত্রী।
বিজনেস সামিটে বাংলাদেশের পক্ষ থেকে এসময় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, ভাইস প্রেসিডেন্ট এম এ মোমেন, মো. আমিনুল হক শামীম, মো. আমিন হেলালী, সালাহউদ্দীন আলমগীর, এম এ রাজ্জাক খান রাজ, সাবেক ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল আলম, পরিচালক প্রকৌশলী গোলাম মোহাম্মেদ আলমগীর, আবুল কাসেম খান, শমি কায়সার, বাংলাদেশ এনার্জি কোম্পনি অ্যাসোসিয়েশনের সভাপতি আজম জে চৌধুরী, বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আইয়ুব, বিএবি'র চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার, এবিবি'র সাবেক চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান প্রমুখ।
সম্মেলনে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় অংশীদার হতে আগ্রহী মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা।